
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দক্ষিণ পাবলাখালী এলাকায় টিলার জমির দখলকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একজন করে মোট দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৩১ নম্বর খেদারমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাবলাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিলার জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহেন্দ্র চাকমা (৪৫) ও মো. আব্দুর রহিম (৫০) আহত হন।
আহত মহেন্দ্র চাকমা দক্ষিণ পাবলাখালী এলাকার মনোভদ্র চাকমার ছেলে এবং মো. আব্দুর রহিম একই এলাকার এরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা আহত মো. আব্দুর রহিমকে চিকিৎসার জন্য লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অপরদিকে আহত মহেন্দ্র চাকমাকে স্থানীয় দূরছড়ি এলাকার একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর লংগদু জোনের আওতাধীন সুপারিপাতাছড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। একই সঙ্গে বাঘাইছড়ি থানার অধীন দূরছড়ি পুলিশ ফাঁড়ির এসআই জুলফিকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।