
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে সশস্ত্র চোরাকারবারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
বিজিবি জানায়, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারত সীমান্ত-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় টহলরত বিজিবির একটি দল চোরাকারবারীদের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত নিয়ে টহলদল বিওপিতে ফেরার সময় সশস্ত্র চোরাকারবারীরা জব্দ করা মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির একপর্যায়ে চোরাকারবারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি।
২৩ বিজিবির অধিনায়ক বলেন, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে বিজিবি নিবিড় নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।