
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে এ অভিযান চালানো হয়। বেলা আনুমানিক ১১:০০ ঘটিকায় রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক টহল দল বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৬.২৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার ২১৫ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও পাহাড়ি এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব উপায়ে অবৈধ তৎপরতা চালাচ্ছে।
তিনি আরও বলেন, চোরাচালান বন্ধে মারিশ্যা জোনের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। যেকোনো মূল্যে চোরাচালান রুখে দিতে বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।