
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের উদ্যোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ৪৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পুলিশ জানায়, রাঙামাটি জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে শনাক্ত ও উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।
মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জসহ সংশ্লিষ্ট সদস্যরা।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, জনসেবায় প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে তারা কাজ করে যাচ্ছে।