
মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) আয়োজিত মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান, পুশ-ইন, চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রামগড় ব্যাটালিয়নের বাস্কেটবল মাঠের ট্রেনিং শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসি।
সভায় সভাপতির বক্তব্যে লে. কর্নেল আহসান উল ইসলাম দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান, পুশ-ইন, চাঁদাবাজি, অপহরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। একই সঙ্গে সীমান্ত অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর মঈনুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের নিয়মিত সমন্বয় ও মতবিনিময় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সহায়ক হবে।
সভায় বক্তব্য দেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, এনসিপির সমন্বয়ক হারুনুর রশিদ, কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি হরি সাধন ত্রিপুরা, সাংবাদিক করিম শাহ এবং রামগড় প্রেসক্লাবের সদস্য তুহিন নিজাম।
এ সময় বিজিবির সহকারী পরিচালক অ্যাডি শামসুল হক, রামগড় ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।