
স্টাফ রিপোর্টার।।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রঋণগ্রহীতাদের আগামী তিন মাসের কিস্তি আদায় স্থগিত রাখার বিষয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) জারিকৃত নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন উপজেলা ও দুর্গম এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বসতঘর, কৃষিজমি, ক্ষুদ্র ব্যবসা ও জীবিকার বিভিন্ন উৎস ক্ষতির মুখে পড়ায় ক্ষুদ্রঋণ গ্রহণকারী অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের আর্থিক চাপ কমাতে এমআরএ আগামী তিন মাস ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। এর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাময়িক স্বস্তি পাবে এবং পুনর্বাসন কার্যক্রমে সহায়তা হবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এমআরএর নির্দেশনা অনুযায়ী জেলার ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণে অংশ নিতে হবে। পাশাপাশি বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা, প্রয়োজন অনুযায়ী দুর্যোগকালীন ঋণ প্রদান এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী সঞ্চয়ের অর্থ দ্রুত ফেরতের ব্যবস্থা করতে হবে।
জেলা পরিষদের তথ্য অনুযায়ী, খাগড়াছড়িতে কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এএলও (অখঙ), আনন্দ, আশা, ব্র্যাক, বুরো বাংলাদেশ, আইডিএফ (ওউঋ), এনআরডিএস (ঘজউঝ), পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এবং প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। এসব প্রতিষ্ঠানকে এমআরএর নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শেফালিকা ত্রিপুরা বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের পাশাপাশি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সহযোগিতা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে সহযোগিতার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদসহ জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমীর মল্লিক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।