
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) লামা থানার হলরুমে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) গোবিন্দ চন্দ্র দাস, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লামা উপজেলা আহ্বায়ক নাজমুল ইসলাম এবং একতা মহিলা সমিতির পরিচালক আনোয়ারা বেগম।
এ ছাড়া সভায় লামা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং লামা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
সভায় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার উপস্থিত শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বক্তব্যে সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।
বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় সংশ্লিষ্টরা নারী ও শিশু নির্যাতনসহ জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।