
মো. আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল বাংলাদেশি কেয়ারু (ঈঅজঊড) মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহল দল অভিযানে অংশ নেয়।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা রাস্তার পাশের জঙ্গলে মদের বোতল ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল কেয়ারু মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৫৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে অবৈধ পণ্য পাচারের চেষ্টা করছে। এসব তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।