
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালি বের করা হয়। পরে ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ সোলায়মান, মেডিকেল অফিসার মো. ফরহাদ উদ্দিন ও পোহেলিকা বড়ুয়া, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, ইপিআই টেকনিশিয়ান ফখরুল ইসলাম এবং স্যানিটারী ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া।
বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক সমীরন বড়ুয়া।
আয়োজকরা জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চলবে এবং আগামী ২৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।