
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্টে বেড়াতে গিয়ে এক নারী পর্যটক শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিসোর্টের মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, শারীরিক নির্যাতন এবং ভুক্তভোগীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণের অভিযোগ এনে রোববার (২৮ জুন) লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জুন লামা উপজেলার মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে বেড়াতে যান ওই নারী পর্যটক। অভিযোগ অনুযায়ী, রিসোর্টের মালিক রাশেদ এবং তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ থাকায় কোনোভাবে সম্ভাব্য ধর্ষণের ঘটনা থেকে রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগীকে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করেন এবং তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন। ঘটনার সময় ভুক্তভোগীর সঙ্গে থাকা এক ব্যক্তি বাদী হয়ে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তাদের মতে, পর্যটন এলাকায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে লামা রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক বলেন, “ভুক্তভোগীদের আইনি সহায়তায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রশাসনকে সহযোগিতা করব।”
লামা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।