
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৩ হাজার ৩৬৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস শাকুর রানা জানান, উপজেলার ৫ ইউনিয়নের ১২২টি কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৬৮৯ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ হাজার ৬৭৪ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এনজিও সংস্থা তহ্জিংডংয়ের (Lifesaving Services Project) ফিল্ড কো-অর্ডিনেটর রুবিনা আক্তারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে দুর্গম পাহাড়ি এলাকায় কিছুটা কার্যক্রম ব্যাহত হলেও উপজেলার অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। কোথাও কোথাও সামান্য ভিড় থাকলেও বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি।