
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী বান্দরবান সদর উপজেলাধীন রাজবিলা ইউনিয়নের দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাইওয়ানের ঝেং ক্যু টেম্পলের ফুড এইড প্রজেক্টের অর্থায়নে এবং রোটারি ক্লাব অব এনচিয়েন্ট চিটাগাংয়ের বাস্তবায়নে রাজবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, গত কিছুদিন আগের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে রাজবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমি, ঘরবাড়িসহ ক্ষেতখামার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে স্থানীয় বাসিন্দারা খুব কষ্টে জীবনযাপন করছেন। দুর্গম এলাকার মানুষের দুর্যোগকালীন সময়ে তাদের দুঃখ কিছুটা লাঘব করার জন্য রোটারি ক্লাব অব এনচিয়েন্ট চিটাগাংয়ের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বান্দরবান সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিরামনি খান। এসময় রাজবিলা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ইউপি সদস্য বাদশা আলমগীর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির খাঁসহ ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।