
কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয়-সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইলিয়াস, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহআলম চৌধুরী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার।
সভায় জানানো হয়, আগামী ১০ আগস্ট কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সভায় এ উদ্যোগকে দেশের জন্য একটি মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় বক্তারা বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্টের (এসডিজি) ১৭টি বৈশ্বিক লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্ত বিশ্ব গঠন, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণসহ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। মিতিঙ্গাছড়ি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় বাসিন্দারা এসব উন্নয়নমূলক উদ্যোগের বিভিন্ন সুবিধা পাবেন বলেও সভায় উল্লেখ করা হয়।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।