
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)
২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকার ১৭ বছরে বাংলাদেশে একনায়কতন্ত্র কায়েম করেছিলো।
হত্যা, গুম, খুন রাহাজানি এমন কোনো অন্যায় কাজ নেই যা আওয়ামী সরকারের আমলে হয়নি। এই শোষণ এবং বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য ২০২৪ এর জুলাইয়ে দেশের মুক্তিকামী ছাত্র জনতা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে টানা ৩৬ দিন রক্তক্ষয়ী সংগ্রাম এবং ১৪শত শহিদের জীবনের বিনিময়ে স্বৈরাচার সরকার পালাতে বাধ্য করেছিলো। এছাড়াও এমন রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান যেনো স্বাধীন বাংলাদেশের মাটিতে আর দেখতে না হয় এবং বৈষম্যহীন সামনের বাংলাদেশ তৈরী হয় সেটাই প্রত্যাশা করেন বক্তারা।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, রাঙামাটি আসনের এমপি প্রতিনিধি আবুল হাশেম, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।