
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। মুষলধারে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালিটি রাণীরহাট বাজার এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ চৌধুরী বলেন, “নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, অক্লান্ত পরিশ্রম ও ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে আজকের এই কর্মসূচি সফল হয়েছে।
স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে আগামী দিনে দেশ, গণতন্ত্র এবং জনগণের অধিকার আদায়ে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন রাজপথে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কর্মসূচি সফল করায় নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিপ্লবী শুভেচ্ছা জানান।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী এবং ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার। বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে রাজপথে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে এক যৌথ বার্তায় ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ বিন আলি বলেন, আজকের এই আন্দোলন-সংগ্রাম ও ঐক্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জাতীয়তাবাদী শক্তি একতাবদ্ধ হয়ে যেকোনো চক্রান্ত মোকাবিলা করতে প্রস্তুত।