
মো. লোকমান হাকিম, রুমা প্রতিনিধি।।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসা সহায়তা এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন (৩৬ বীর)।
শনিবার (৮ আগস্ট) রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকারের নির্দেশনায় দিনব্যাপী এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলার দুর্গম পুকুরপাড়া এলাকার বাসিন্দা রাংনেরুং ত্রিপুরাকে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা এবং চান্দাপাড়ার মৃত হ্লামং মারমার স্ত্রী সানুপ্রু মারমাকে ২ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। একই সঙ্গে সানুপ্রু মারমাকে দুটি ছাগলও দেওয়া হয়।
এ ছাড়া মংশৈচিংপাড়ার ক্যথুই মং মারমাকে চিকিৎসা সহায়তা হিসেবে ৬ হাজার টাকা এবং লাল রুয়াত দানের স্ত্রীর চিকিৎসার জন্য ৮ হাজার ৮৬০ টাকা দেওয়া হয়েছে।
শিক্ষা সহায়তার অংশ হিসেবে জোন কমান্ডার উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় ও সাঙ্গু সরকারি কলেজ পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ৩৬ কেজি জিলাপি, তৃতীয় ও দশম শ্রেণির দুই শিক্ষার্থীকে নগদ অর্থ এবং কলেজের ২৭ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ ছাড়া বেথেলপাড়ার শিক্ষার্থী আলমন বমকে মাস্টার্স পর্যায়ের প্রয়োজনীয় বই দেওয়া হয়। সহায়তা পেয়ে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
চিকিৎসা সহায়তা পাওয়া রাংনেরুং বলেন, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তিনি আর্থিক সংকটে পড়েছিলেন। এ সময় পাওয়া ১০ হাজার টাকার সহায়তা তাঁর জন্য গুরুত্বপূর্ণ সহযোগিতা হয়েছে।
মংশৈচিংপাড়ার ক্যথুই মং মারমাও চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা জানিয়ে রুমা জোনের পক্ষ থেকে পাওয়া আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। চিকিৎসার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ ও বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
স্থানীয়দের মতে, দুর্গম এলাকার অসহায় মানুষ ও শিক্ষার্থীদের জন্য চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ ও অন্যান্য সহযোগিতা প্রয়োজনীয় সময়ে উপকারে আসছে।