
নানিয়ারচর প্রতিনিধি।।
রাঙামাটির নানিয়ারচরে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ ‘মাদক ছেড়ে, খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
বুধবার বিকেল ৩টায় শনখোলাপাড়া মাঠে আয়োজিত এ বর্ষাকালীন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজীব দাশ পুরকায়স্থ।
শনখোলাপাড়া যুব পুতপুত্যা ক্লাবের আয়োজনে এবং নানিয়ারচর উপজেলার সরকারি নিবন্ধিত যুব ক্লাব এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নানিয়ারচরের ইতিহাসে এই প্রথমবারের মতো রেকর্ডসংখ্যক ৭৭টি ফুটবল দল অংশ নিচ্ছে তাদের আয়োজনে।
স্থানীয় ইউপি সদস্য শোভা রঞ্জন চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন, ১নং সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, ৩নং বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ৪নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা এবং যুব ক্লাব এসোসিয়েশনের সভাপতি জনাব বিভায়ন চাকমা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি অংশগ্রহণ করে যাত্রমনি কারবারি পাড়া ক্লাব ও সুরিদাস পাড়া ক্লাব।
যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও সুস্থ ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্ট দেখতে মাঠে উপচে পড়া দর্শক সমাগম ঘটে।