
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল তামান্নার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উন্নয়ন, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (১২ আগস্ট) গুইমারা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন কার্যক্রম এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও মিশকাতুল তামান্না বলেন, জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।
তিনি বলেন, উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন। জনগণের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরা হলে তা প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা গুইমারা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও কার্যকরভাবে বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় গুইমারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক মো. দুলাল আহম্মদ, সাংবাদিক দিদারুল হৃদয়, আবুল হোসেন রিপন, আব্দুর রহিম, মো. আনোয়ার, মো. বেলাল, আবুল বশর, ফোরকানুল হক সাকিবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।