
খাগড়াছড়ি পার্বত্য জেলায় “সোনালি আঁশের গৌরব, দেশের অর্থনীতির শক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। তিনি বলেন, এক সময় পাট ছিল দেশের প্রধান রপ্তানি পণ্য এবং অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। পরিবেশবান্ধব এই প্রাকৃতিক আঁশের বহুমুখী ব্যবহার বৃদ্ধি করে পাটের ঐতিহ্য নতুন করে জাগিয়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম পাটের পরিবেশবান্ধব ব্যবহার সম্প্রসারণ এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের প্রসারে গুরুত্বারোপ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, জাতীয় পাট দিবসের এই কর্মসূচির মাধ্যমে পাটের গুরুত্ব, সম্ভাবনা এবং পরিবেশবান্ধব ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে।