
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এ ক্যাম্পে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
‘ডা. আকেই’ স্কিনকেয়ার, লেজার অ্যান্ড এসথেটিক সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি) এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ বিজ্ঞান ক্লাব।
অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুন, কলেজের শিক্ষকবৃন্দ, বিজ্ঞান ক্লাবের সদস্য এবং আয়োজক প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টারে (কেএসটিসি) বিভিন্ন চিকিৎসা পরীক্ষায় বিশেষ মূল্যছাড় (ডিসকাউন্ট) প্রদানের ঘোষণা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।