
নিজস্ব প্রতিবেদক।।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জনগণই দেশের প্রকৃত মালিক এবং দল, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবার জন্য রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।
শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাটস্থ গনি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ আয়োজিত সংগঠনের সদস্য ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে বিবেচনা করে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যে তিনি দাবি করেন, গত ১৯ বছরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন।
রাজনীতিতে বৈষম্যের কোনো স্থান নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে।
হাটহাজারীর উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১৬৫ দিনে উপজেলায় সাড়ে ৪৫০টির বেশি উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ৩৮০টি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে অথবা শেষ পর্যায়ে রয়েছে। অতীতের তুলনায় এ উন্নয়ন কার্যক্রমকে তিনি নজিরবিহীন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একসময় হাটহাজারীর সড়ক ও অবকাঠামোর দুরবস্থার কারণে মানুষের চলাচলে ভোগান্তি ছিল। বর্তমানে সড়ক প্রশস্তকরণ ও যানজট নিরসনে পরিকল্পিতভাবে কাজ চলছে এবং এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ‘প্রত্যাশী’ সংস্থার সদস্য ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।
‘প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।