
দেবদত্ত মুসুৎদ্দী, রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় প্রবল ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ২৯৯ রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) তিনি উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং দুর্যোগ পরিস্থিতি সম্পর্কে স্থানীয় প্রশাসনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনির, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, জেলা তাঁতীদলের আহ্বায়ক শফি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
পরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় তিনি দুর্যোগ মোকাবিলা, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।