
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি উপজেলার বন্যাদুর্গত ১,২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে প্রতিমন্ত্রী উপজেলার কবাখালী ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও প্রয়োজনের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র মূল্যায়ন করে প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বন্যাদুর্গত মানুষের পাশে সরকার রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
এ সময় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।