
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেন, জুলাই আন্দোলন ছিল সম্মিলিত গণআন্দোলন। আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞাঁ এমপি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১২টায় খাগড়াছড়ি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞাঁ এমপি।
মতবিনিময় সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম, পুনর্বাসন এবং দুর্যোগ-পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান ত্রাণ কার্যক্রম ও ক্ষয়ক্ষতির সর্বশেষ চিত্র তুলে ধরেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।