
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়ায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের আগে ঘিলাছড়ি ইউনিয়নের বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউসুফ হাসান। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া, রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী মো. গোফরান, স্থানীয় ইউপি সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ভোজ্য তেল, চিড়া, আলু, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, সাবান, চিনি এবং একটি লাইটার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান বলেন, রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।