
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রাক-নিবন্ধন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় ডাউনপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় সমিতির সভাপতি নিরুপন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা শাক্য উজ্জ্বল চাকমা।
এসময় উপস্থিত ছিলেন সমবায় অফিসের কর্মচারী সুবল বিকাশ চাকমা (কিরণ), স্থানীয় কার্বারী তনাবী তঞ্চঙ্গ্যা, সমিতির সাধারণ সম্পাদক মিহির তঞ্চঙ্গ্যা, সদস্য কান্যা রানী তঞ্চঙ্গ্যা, দীপিকা চাকমা, বিশুলতা তঞ্চঙ্গ্যা, ছায়ারানী তঞ্চঙ্গ্যা, রঞ্জন মুখী তঞ্চঙ্গ্যা, আনন্দ মুখী, চিত্রা তঞ্চঙ্গ্যা, অনিক তঞ্চঙ্গ্যা, সকিময় তঞ্চঙ্গ্যা, নসিব তঞ্চঙ্গ্যা, বিপ্লব তঞ্চঙ্গ্যা, বিরতজয় তঞ্চঙ্গ্যা, জরিনা চাকমা, সমর কান্তি তঞ্চঙ্গ্যা, খুলাবী তঞ্চঙ্গ্যা, সুপা তঞ্চঙ্গ্যা, পালদেবী তঞ্চঙ্গ্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় উপজেলা সমবায় কর্মকর্তা শাক্য উজ্জ্বল চাকমা সমবায় সমিতি নিবন্ধনের প্রয়োজনীয়তা, পরিচালনা পদ্ধতি, সদস্যদের অধিকার ও দায়িত্ব, সঞ্চয় কার্যক্রম এবং সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, সমবায়ের মাধ্যমে নিয়মিত সঞ্চয়, পারস্পরিক সহযোগিতা এবং পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।
সভায় জানানো হয়, সমিতির সদস্যদের মাসিক সঞ্চয়ের পরিমাণ ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সমবায় অধিদপ্তরের বিধিমালা অনুযায়ী বিভিন্ন ধরনের সমবায় সমিতি গঠন ও নিবন্ধনের বিষয়েও সদস্যদের অবহিত করা হয়।
সভা শেষে উপস্থিত সদস্যরা দ্রুত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে সমবায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।