
মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ইটের সলিং সড়কের দক্ষিণ পাশের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করে।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে ফিরে শিশুটি শারীরিক ব্যথায় কান্নাকাটি করলে ঘটনার বিষয়টি জানতে পারেন তারা। পরে তাকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার (৫ জুলাই) দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। মামলায় ছোট মেরুং এলাকার মো. লিটন (৪৫)-কে অভিযুক্ত করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০–এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. নাসির উদ্দিনের ওপর ন্যস্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।