
সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রোপা আমন বীজতলা পুনর্বাসনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ করা হয়েছে।
“কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিনামূল্যে বীজ সহায়তার মাধ্যমে কৃষকরা সময়মতো আমন চাষ শুরু করতে পারবেন, যা খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সাম্প্রতিক বন্যায় যেসব কৃষকের রোপা আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা প্রণয়ন করে উচ্চফলনশীল রোপা আমন বীজ বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা পুনরায় বীজতলা তৈরি করে নির্ধারিত সময়ে আমনের চারা রোপণ করতে পারবেন।
কৃষকরা জানান, বন্যার কারণে বীজতলা নষ্ট হওয়ায় তারা ক্ষতির মুখে পড়েছিলেন। সরকারি সহায়তায় পুনরায় চাষাবাদ শুরু করতে এ বীজ তাদের জন্য সহায়ক হবে।