
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উল্টাছড়ি বিহারপাড়ায় নারী, যুব ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি কমিউনিটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও ছড়ার পাড়সহ বিভিন্ন এলাকায় বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় নারী, যুবক-যুবতী, শিক্ষার্থী ও কমিউনিটি নেতৃবৃন্দ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপি-এর উপজেলা ফ্যাসিলিটেটিং অ্যাসোসিয়েট (UFA) অংক্যছেন মারমা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুকেতন চাকমা, এবং মহালছড়ি উপজেলা ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরাসহ স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু সবুজায়ন বৃদ্ধি নয়, বরং ভূমিক্ষয় রোধ, জলাধার সংরক্ষণ, জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে আরও সচেতন ও সম্পৃক্ত করাও কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
কর্মসূচিটি বাস্তবায়ন করছে বায়োডাইভারসিটি ইকোসিস্টেমস রেস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স (BERCR) প্রকল্প, যা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে সহযোগিতা করছে পার্বত্য চট্টগ্রামের ইকোসিস্টেম পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (ERRD-CHT) প্রকল্প, যা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (United Nations Development Programme)-এর সহায়তায় বাস্তবায়িত।
সংশ্লিষ্টরা মনে করেন, পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।