
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে উপজেলা পর্যায়ে ‘Startup, Science Project and Innovation, Idea Showcasing’ শীর্ষক এক জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে এই মেলার আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোশাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদার।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নেন। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী, আধুনিক এবং পরিবেশবান্ধব প্রজেক্টের স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এসময় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এমন বিজ্ঞানমনস্ক ও জনকল্যাণমুখী চিন্তাভাবনার প্রশংসা করেন তারা।
প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ১ম, ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২য় এবং গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। সবশেষে মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।