
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) দিনব্যাপী মাটিরাঙ্গা পৌরসভার জিয়া নগর এলাকায় ‘স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার)’ এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর কৃষি উন্নয়ন বিভাগ কর্মশালাটি বাস্তবায়ন করে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমেন চাকমা এবং উপজেলা কৃষি কর্মকর্তা সাহাবুদ্দিন আহমেদ। এছাড়াও আইডিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. মো. জাকিরুল ইসলাম, উদ্যানতত্ত্ববিদ মোস্তাফিজুর রহমান, আইডিএফ-এর শাখা ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা চন্দ্রোদয় রোয়াজাসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
বক্তারা প্রাণিসম্পদ খাতে উৎপাদিত পণ্যের আধুনিক সংরক্ষণ পদ্ধতি, মূল্য সংযোজন এবং মধ্যস্বত্বভোগীর প্রভাব কমিয়ে সরাসরি বাজার সংযোগ বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরেন। তারা বলেন, খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। সঠিক বাজারজাতকরণ কৌশল সম্পর্কে জ্ঞান থাকলে খামারিরা আর্থিকভাবে আরও লাভবান হতে পারবেন।
চন্দ্রোদয় রোয়াজার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় এলাকার বিপুলসংখ্যক খামারি ও প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে জানান, এর মাধ্যমে তারা পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে বাস্তবধর্মী দিকনির্দেশনা পেয়েছেন।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।