
পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে পরিচালিত এ ক্যাম্পে নেতৃত্ব দেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও বয়স্ক মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে মোট ১৫০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ১০৪ জন পাহাড়ি এবং ৪৫ জন বাঙালি রোগী ছিলেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।