
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) দুপুর ১১:৪০ ঘটিকা থেকে ১২:৫০ ঘটিকা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এই সভা পরিচালিত হয়।
সভায় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা, স্থানীয় জনগণ ও সাজেকে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা ও তা নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি-র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জোনের টু-আইসি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি, পুলিশ, আনসার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে নিজস্ব মতামত প্রদান করেন রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি জয়, বাঘাইহাট মন্দির কমিটির সভাপতি বাসু কান্তি দে, সাজেক থানার সেকেন্ড অফিসার আবু জাহিদ তুহিন, ২নং ওয়ার্ড মেম্বার অনিত্য, স্টার প্লাস টেলিভিশনের সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান এবং ৭১ টিভির সাংবাদিক মোঃ ওমর ফারুক সুমন।
সভাপতির বক্তব্যে জোন কমান্ডার বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা ও পর্যটন মৌসুমকে সামনে রেখে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। স্থানীয় অধিবাসী ও সাজেকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় তিনি এলাকার সার্বিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের নিরাপত্তা সমন্বয় সভা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।