
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় হাটবাজারে বেড়েছে মানুষের উপস্থিতি। উপজেলার বিভিন্ন বাজার ও বিপণিবিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, পোশাক, কসমেটিকস, পাদুকা, সেমাই-চিনি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। পাশাপাশি মাছ, মাংস ও সবজির বাজারেও কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ।
ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে কয়েকগুণ। ক্রেতারাও প্রয়োজনীয় পণ্য কেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেকেই পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক ও ঈদের উপকরণ কিনছেন।
কয়েকজন ক্রেতা বলেন, শেষ সময়ে এসে বাজারে ভিড় বাড়লেও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পেরে তারা সন্তুষ্ট।
এদিকে বাজারে অধিকাংশ পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। ফলে সাধারণ মানুষের কেনাকাটায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে মত তাদের।
ঈদকে ঘিরে এমন প্রাণচাঞ্চল্যে মহালছড়ির সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।