
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়িতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি সচল পিস্তল, গুলি ও চাঁদাবাজির রশিদ বইসহ সোনা চাকমা ওরফে বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি মৌজার জগন্নাথ পাড়ার সংলগ্ন একটি সেগুনবাগানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার সোনা চাকমা মহালছড়ি উপজেলার চিত্ত রঞ্জন কারবারীপাড়ার বাসিন্দা। তিনি মৃত লাল কুমার চাকমার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনা চাকমার অবস্থান শনাক্ত করে মহালছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি সচল পিস্তল, গুলি ও চাঁদাবাজির রশিদ বই উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও চাঁদাবাজির রশিদ বইয়ের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের কয়েকজন জানান, অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
তবে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও তার সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।