
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মধ্যে সেলাই মেশিন ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) লামা উপজেলা পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে একটি করে সেলাই মেশিন ও ফলদ গাছের চারা তুলে দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও মাতামুহুরী সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ হোসাইন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, লামার সহকারী তথ্য কর্মকর্তা মো. রাশেদুল হক রাশেদ, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, লামা থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম এবং কালের কণ্ঠের সহসম্পাদক ও বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামাল।
বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের লামা প্রতিনিধি মো. তানফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি সানের প্রতিনিধি মো. সাহাব উদ্দিন রিটু, বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ও নারী নেত্রী মাজেদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তুলতে বসুন্ধরা শুভ সংঘ, বসুন্ধরা গ্রুপের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে ট্রেডভিত্তিক প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বান্দরবান জেলার লামাসহ পাঁচটি উপজেলায় এ কার্যক্রম চলছে।
প্রধান অতিথি মো. মঈন উদ্দিন বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপ তাদের ব্যবসায়িক আয়ের একটি অংশ সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করছে। বিতরণ করা সেলাই মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে উপকারভোগী নারীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এর আগে বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। পাশাপাশি একজন মেডিকেল কলেজ শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন ও ফলদ গাছের চারা তুলে দেন। পরে বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ‘সেই বিদেশিনী’বইটি অতিথিদের উপহার দেওয়া হয়।