
সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামুতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, রামু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন কবীর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।