
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি।।
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন এবং ভুলবশত অন্য বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়া ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রাঙ্গামাটির সাইবার ক্রাইম সেল।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে ১৮ এপিবিএনের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ও অর্থ মালিকদের কাছে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
তিনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাইবার ক্রাইম সেলের সদস্যরা এসব মোবাইল ও অর্থ উদ্ধার করেছেন। জনগণের সেবায় ১৮ এপিবিএনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে মালিকরা ১৮ এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।