
সৈয়দ এম এ বাসার , পানছড়ি প্রতিনিধি।।
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১০টায় পানছড়ি উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে ফারহানা নাসরিন বলেন, মৎস্য খাতকে টেকসই করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। পানছড়ির পাহাড়ি জলাশয় ও পুকুরের যথাযথ ব্যবহারের মাধ্যমে স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে তিনজন করে মোট ছয়জনকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি মাছের পোনা মজুদ বৃদ্ধি এবং অবৈধভাবে মৎস্য শিকার বন্ধে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সফল মাছচাষি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।