
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, কাপ্তাই উপজেলা শাখার সমন্বয়ক সানকিপশনা পাংখোয়া বলেন, ২০০৯ সালে সপ্তম পে স্কেল এবং ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা হয়নি। নির্ধারিত সময় অনুযায়ী এ সময়ের মধ্যে নতুন পে স্কেল প্রণয়ন হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে, যা প্রশাসনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।