
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা দুগ্ধদানকারী মা ও শিশুদের সুবিধার্থে একটি ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে ফিতা কেটে কর্নারটির উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাসেবা নিতে আসা মায়েরা যাতে পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারেন, সে লক্ষ্যেই কর্নারটি স্থাপন করা হয়েছে। এতে বসার জন্য সোফা, ফ্যান, সুপেয় পানির ব্যবস্থা এবং শিশুদের জন্য খেলনা রাখা হয়েছে। পাশাপাশি মাতৃদুগ্ধের গুরুত্ব ও স্বাস্থ্যসচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত পোস্টারও প্রদর্শন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আমেনা মারজান বলেন, হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ স্থানে দুগ্ধদানকারী মায়েদের জন্য পৃথক ব্রেস্টফিডিং কর্নার প্রয়োজনীয়। এতে অপেক্ষমাণ মায়েরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারবেন, যা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগ মা ও শিশুস্বাস্থ্যসেবার মানোন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা দুগ্ধদানকারী মায়েদের ভোগান্তিও কমবে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন (সবুজ), বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।