
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে বান্দরবানে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে অতিরিক্ত বা অসামঞ্জস্যপূর্ণ বিদ্যুৎ বিলের অভিযোগে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছেন বলেও উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে যাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, সহিংসতা ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ তুলে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্মারকলিপির মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, লোডশেডিং কমানো, বিদ্যুতের মূল্য ও বিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর আমীর হারুনুর রশীদ, সদর উপজেলা আমীর অ্যাডভোকেট সোলাইমান, রোয়াংছড়ি উপজেলা আমীর অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ জেলা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।