
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন।
এ সময় তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করে তোলার আহ্বান জানান। পাশাপাশি টেকসই পরিবেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা, স্থানীয় পাড়া কার্বারী আংক্য ত্রিপুরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পাহাড়ি এলাকায় সবুজায়ন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।