
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, শিক্ষার্থী ও শিশুদের অভিভাবকরা।
সভায় বক্তারা শিশুর সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরেন। তারা নবজাতকের জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তা, উপকারিতা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।