
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মৎস্যচাষে উদ্বুদ্ধ করতে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় ৯৫ জন নিবন্ধিত মৎস্য খামারির মাঝে ১৩০ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব হলে স্থানীয় আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যচাষিদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা দীপণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, পুকুরের পানি ও মাটির গুণগত মান পরীক্ষা, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রুহুল কুদ্দুস নাঈম, ইউপি সদস্য হরিপাদ ত্রিপুরা ও মো. সালমান হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির মাধ্যমে উপজেলার নিবন্ধিত মৎস্যচাষিরা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে আরও উৎসাহিত হবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।