
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও গণউপদ্রবের অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জুলহাস মিয়া (৩৩), মো. আলী আকবর (৩৫), আনোয়ার হোসেন (৪২), মো. নাসির (৩৩), মো. শফিউল আলম (৪৮), মো. জাফর মিয়া (৫৫), কামরুন নাহার (১৯) ও আয়না বিবি (১৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ সূত্রে আরও জানানো হয়, মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং ও গণউপদ্রবসহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।