
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি প্রতিনিধি।।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাঙামাটি জেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, সদস্য সচিব আবু নাছির, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজসহ স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের চলমান স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা করছে। দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।
এ সময় বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় সকল স্তরের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।