
এম. এ. রহমান সীমান্ত, উখিয়া
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেলিতা মেহেজাবিন আলভিসহ একই পরিবারের ৬জন নিহত হয়েছেন।
পরিবারের নয়জন সদস্য ওই রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও রয়েছেন- মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদ। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফিজ তেহামী (ডাকনাম জাইফ), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাবিলা, মালিহা এবং আলভী পরস্পরের কাজিন। বাকিদের মধ্যে ফারিহা কবির নাফিজের বড় বোন এবং ফাইজান ভাগ্নে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পান তারা। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে জানিয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, এখন পর্যন্ত সবশেষ পাওয়া খবর অনুয়ায়ী ১০জনের মৃতদেহ পাওয়া গেছে।আরও ৬জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম লিখেন, কক্সবাজার ফায়ার সার্ভিসের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি, রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ তার পরিবারের ৬ জন সদস্য নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।উল্লেখ এ ঘটনায় মোট ১০ জন মারা গেছে।৬/৭ জন আহত হয়েছে।আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।