
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
টানা অতি ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের সহায়তায় ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।
বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ জুলাই থেকে শুরু হওয়া দুর্যোগ পরিস্থিতিতে জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় সম্প্রতি বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনীর বিশেষ উদ্ধার ও সহায়তা দল মানবিক কার্যক্রম পরিচালনা করে। এ সময় সদর ব্রিগেড এলাকা, লেমুঝিরি, মুসলিমপাড়া, কাশেমপাড়া, ধনেশপাড়া, আর্মিপাড়া ও বালাঘাটা এলাকার বন্যাকবলিত ১০০টি অসহায় পরিবারের মধ্যে শুকনো খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া দুর্গত মানুষের জন্য জরুরি চিকিৎসাসেবাও প্রদান করা হয়েছে বলে জানিয়েছে বান্দরবান রিজিয়ন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের সময়ে সেনাবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবে সহায়ক হয়েছে।
বান্দরবান রিজিয়ন জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তাদের ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।