
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দী অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম নূর হালিমা (৩)। সে ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা এবং তার পিতার নাম নূর আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন ময়লা আবর্জনার স্তূপের পাশে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় রোহিঙ্গারা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ১৪ এপিবিএন-এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে অবগত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।